সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষায় অন্যতম শীর্ষ অবদানকারী দেশ: ডাচেস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১৬:৫৬

শেয়ার

বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষায় অন্যতম শীর্ষ অবদানকারী দেশ: ডাচেস
ছবি সংগৃহীত

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ বাংলাদেশ। এ কার্যক্রমে নারী শান্তিরক্ষীরাও ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি শান্তিরক্ষা কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা নেন এবং নিরাপদ বিশ্ব গড়ে তুলতে কাজ করা নারী শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ডাচেস সোফি

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ডাচেস অব এডিনবার্গ সোফি। সোমবার (৯ নভেম্বর) থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।

ঢাকায় সফরকালে ডাচেস অব এডিনবার্গ বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার অংশীদারত্বের শক্তি ও ব্যাপ্তি তুলে ধরে, এমন বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত সহায়তা কার্যক্রম পরিদর্শন করবেন।

কক্সবাজারে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রম পরিদর্শন

সফরের অংশ হিসেবে ডাচেস অব এডিনবার্গ কক্সবাজারে যাবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।

এ সময় বাস্তুচ্যুতির শিকার নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর জন্য পরিচালিত গুরুত্বপূর্ণ সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন। পাশাপাশি শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে সহনশীলতা ও নেতৃত্বের বিকাশ, পুনর্বাসন, সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সেবা কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন তিনি।

এসব উদ্যোগের মাধ্যমে বাস্তুচ্যুতির মধ্যেও নারী ও শিশুরা কীভাবে ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পাচ্ছে, তা দেখবেন ডাচেস।

এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেন

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক জোরদার, মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার অংশ হিসেবে আন্তর্জাতিক সফর চালিয়ে যাচ্ছেন ডাচেস অব এডিনবার্গ। বাংলাদেশ সফরও তাঁর এ ধরনের কর্মসূচির অংশ।

এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন ডাচেস সোফি।