সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১৬:০১

শেয়ার

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব
ছবি সংগৃহীত

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। সোমবার (৯ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ প্রস্তাব জমা দেন।

রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বেলা ১১টায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বোর্ডের সদস্যরা শ্রমিকপক্ষের প্রস্তাব জমা দেয়ার বিষয়টি জানান।

মজুরি কাঠামো নিয়ে পর্যালোচনা হবে

সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করেন। প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর পরবর্তী করণীয় এবং মজুরি প্রস্তাব আরও উন্নত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকরের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা একমত হন। তাদের সুপারিশ অনুমোদিত হলে নতুন কাঠামো অনুযায়ী আগামী জানুয়ারি থেকে মজুরি পাবেন পোশাকশ্রমিকরা।

প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়।

ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন

গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বোর্ডের সদস্যদের মধ্যে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোতে এ হার নির্ধারণ করা হয়।