সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের তথ্য যাচাই করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১৫:৩৬

আপডেট: ৯ নভেম্বর, ২০২৬ ১৬:০৩

শেয়ার

হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের তথ্য যাচাই করছে সরকার
ছবি সংগৃহীত

দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর যাচাই করছে সরকার। দণ্ডিত ও পলাতক আসামির এ ধরনের আবেদন করার আইনগত সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনিও সংবাদে বিষয়টি শুনেছেন এবং স্ক্রল নিউজে দেখেছেন। তবে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার তথ্যের সত্যতা এখনো যাচাই করতে পারেননি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি খোঁজখবর নিচ্ছে।

তিনি বলেন, পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত আইন পর্যালোচনা করে আবেদনটির আইনগত দিকগুলো পরীক্ষা করা হবে। আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না, তা যাচাই করা হবে। যাচাই শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে বক্তব্য দেবে।

প্রত্যর্পণে চুক্তি অনুসারে চিঠি পাঠানো হয়েছে

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তাঁকে আইন অনুযায়ী প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে এর বেশি কিছু বলার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।