সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে ই-মেইল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১৪:৪৫

আপডেট: ৯ নভেম্বর, ২০২৬ ১৪:৪৭

শেয়ার

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে ই-মেইল
ছবি সংগৃহীত

ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে ই-মেইল পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। সোমবার (৯ নভেম্বর) সকালে ই-মেইলটি পাওয়ার পর পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে হাইকমিশন।

দিল্লির একটি কূটনৈতিক সূত্র ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রও জানিয়েছে, এ ধরনের একটি ই-মেইল হাইকমিশন থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।

আবেদনের বৈধতা নিয়ে প্রশ্ন

ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্রের দাবি, ই-মেইলটি শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ এতে নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ই-মেইল পাঠানো হলেও শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি সংযুক্ত করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলের শুরুতে একজন আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে তাঁর পক্ষে যোগাযোগ করার কথা উল্লেখ করেছেন। এরপর কয়েকটি বিষয় তুলে ধরে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের প্রসঙ্গ

ই-মেইলে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে।

এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে হাইকমিশনকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে শেখ হাসিনার দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদনের খবর প্রকাশিত হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এ ধরনের আবেদন এবারই প্রথম বলে জানা গেছে। সূত্র প্রথম আলো