গোদি মিডিয়া মুর্দাবাদ। ভারতের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশটির গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। যে দেশের গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে স্বয়ং সেই দেশের মানুষই, এবার ওই দেশের সরকারই আয়োজন করেছে বাংলাদেশের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচির। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুধু হাস্যরসেরই জন্ম দেয়নি, বরং ভারতের এই আকস্মিক উদ্যোগের উদ্দেশ্য নিয়েও তৈরি করেছে নানা প্রশ্ন।
প্রশিক্ষণ কর্মসূচির বিবরণ
গত রবিবার (২৫ অক্টোবর) থেকে শনিবার (৩১ অক্টোবর)। ভারতের হায়দরাবাদের ডক্টর মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় সাংবাদিকতা ও জনসংযোগবিষয়ক সাত দিনের প্রশিক্ষণ কর্মসূচি। ভারত সরকারের আইটেক কর্মসূচির আওতায় এতে অংশ নেয় বাংলাদেশের ৪২ জন সাংবাদিক। প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করে ভারত সরকার।
প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের বরণ করে নিতে দেখা যায় হিন্দুধর্মীয় সংস্কৃতির আদলে আগুন ও তিলকের আয়োজন করতে। সেইসঙ্গে প্রশিক্ষণে গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনার কথা বলা হলেও, প্রশিক্ষণের ধরন ও এতে অংশ নেয়া সাংবাদিকদের পরিচয় ঘিরে তৈরি হয়েছে নানা ধোঁয়াশা।
অংশগ্রহণকারীদের পরিচয় ও অর্থায়ন নিয়ে প্রশ্ন
গত সেপ্টেম্বরে ভারতীয় হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ্যেই এই কর্মসূচির ঘোষণা দেয়। কর্মসূচির আয়োজন গোপনে করা না হলেও, তবে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পরিচয় প্রকাশ না করা নিয়ে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেছে সচেতন নাগরিকদের কেউ কেউ। সেই সঙ্গে প্রশিক্ষণের অর্থায়ন ও শর্তাবলি প্রকাশ না করায় এই কর্মসূচিকে অনেকে গোপন প্রশিক্ষণ কর্মশালা হিসেবেও উল্লেখ করেছে। ফলে প্রকাশ্যে ঘোষণা দেয়া একটি কর্মসূচি ঘিরেও আড়ালে থেকে যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ভারতীয় গণমাধ্যম নিয়ে সমালোচনা
এদিকে, ভারত যখন বাংলাদেশি সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়ার কর্মসূচি ঘোষণা করেছে, ঠিক সেই মুহূর্তেই নতুন করে সামনে এসেছে ভারতের পশ্চিমবঙ্গে ময়ূখ রঞ্জন ঘোষের সাংবাদিকতার নামে লম্ফঝম্পের চিত্র। একইসঙ্গে ভারতের রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী, তাকের অঞ্জনা ওম কাশ্যপ কিংবা রুবিকা লিয়াকতের মতো পরিচিত সাংবাদিকদের উপস্থাপনা ও সংবাদ পরিবেশন নিয়ে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মহলেও সমালোচনা হয়েছে। শুধু তাই নয়, অন্যদিকে ভারতের চলমান আন্দোলনের উত্তাপের মধ্যেও দেশটির গণমাধ্যমগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ ঝেড়েছে সাধারণ মানুষের অনেকেই। গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা নিয়ে এমন অসন্তোষের চিত্রই নতুন করে সামনে এনেছে ভারতীয় সংবাদমাধ্যমের ভূমিকা।
সব মিলিয়ে প্রশিক্ষণের অর্থায়ন, শর্তাবলি, অংশগ্রহণকারীদের পরিচয় এবং এর প্রকৃত উদ্দেশ্য না প্রকাশ করায় প্রশ্ন উঠাই স্বাভাবিক এই প্রশিক্ষণে কি সাংবাদিকতার পাঠ দেয়া হয়েছে? নাকি ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের পথ তৈরিই ছিল এর আসল উদ্দেশ্য? সেইসাথে ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার ঘোষণার নীলনকশার সাথেও, কেউ কেউ যোগসূত্র মেলাচ্ছে এই ঘটনার।
আরও পড়ুন:







