সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

'পাসপোর্টে নয়, বন্দী বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১৩:৫৭

আপডেট: ৯ নভেম্বর, ২০২৬ ১৪:০৪

শেয়ার

'পাসপোর্টে নয়, বন্দী বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ'
ছবি সংগৃহীত

পাসপোর্ট নবায়নের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে না। ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ। এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পাসপোর্ট নবায়নের আবেদনকে হাস্যকর বললেন প্রতিমন্ত্রী

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনার আবেদনের বিষয়ে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি ও হত্যাকারী এ ধরনের আবেদন করতে পারেন না।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে ফিরতে হবে।

ভারতকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ

কেবল অর্থের জন্য কোনো আইনজীবী প্রতিষ্ঠান শেখ হাসিনার পক্ষে কাজ করলে তাদের নৈতিক অবস্থান কোথায়, এমন প্রশ্নও তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে, বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।

হুমায়ুন কবির আরও বলেন, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সবাই পলাতক। দণ্ডপ্রাপ্ত আসামিকে যেভাবে হস্তান্তরের দাবি জানানো হয়, শেখ হাসিনাকেও সেভাবেই হস্তান্তরের দাবি জানাচ্ছে বাংলাদেশ।