সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১২:১৬

শেয়ার

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব
ছবি সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের বিষয়ে কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাসিনার পাসপোর্ট নিয়ে বক্তব্য নেই

সংবাদ সম্মেলনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র সচিব বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার দুই দিনের সফরে তুরস্ক যাচ্ছেন। আজ মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। এ বিষয়ে (হাসিনার পাসপোর্ট) কোনো বক্তব্য নেই।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার তিনি এ আবেদন করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দিল্লিতে দূতাবাসে আইনজীবীদের চিঠি

রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিটি পাঠিয়েছেন দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে। এতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

মৃত্যুদণ্ডের পরও ভারতে অবস্থান

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তার দেশে ফেরার উদ্যোগ দুই দেশের সম্পর্কেও নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।