পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ সোমবার (৯ নভেম্বর) দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি নিজেদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করবেন। প্রস্তাবটি পর্যালোচনা করে মজুরির যৌক্তিকতা, প্রয়োজনীয় সংশোধন এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে।
সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মালিকপক্ষের প্রস্তাব জমা নিয়ে অনিশ্চয়তা
বোর্ড সূত্রে জানা গেছে, সভায় শ্রমিকপক্ষের পাশাপাশি মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামো নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে মালিকপক্ষের প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। ফলে আজ তারা প্রস্তাব জমা দেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
রবিবার (৮ নভেম্বর) শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছিলেন, বিভিন্ন শ্রমিক সংগঠনের কাছ থেকে পাওয়া প্রস্তাব ও সুপারিশ পর্যালোচনা করে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত মজুরি কাঠামো তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, সভায় উপস্থাপনের জন্য ন্যূনতম মজুরির প্রস্তাব চূড়ান্ত করার কাজ চলছে। বিভিন্ন শ্রমিক সংগঠন এরই মধ্যে কয়েকটি প্রস্তাব দিয়েছে। সেগুলোর ভিত্তিতে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত প্রস্তাব তৈরি করে বোর্ডে উপস্থাপন করা হবে।
বাবুল আখতার আরও জানান, শ্রমিকদের বর্তমান দাবি অনুযায়ী প্রস্তাবিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা অথবা এর বেশি হতে পারে। বিভিন্ন শ্রমিক সংগঠনের সুপারিশ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং পোশাকশিল্পের বর্তমান অবস্থা পর্যালোচনা করে মজুরির চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করা হবে।
আলোচনার পর প্রস্তাব জমা দেয়ার সিদ্ধান্ত
মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন জানান, শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা ও কারখানা বন্ধ থাকার বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। দ্বিতীয় সভার প্রস্তুতি নেয়া হচ্ছে। আলোচনার পর মজুরি প্রস্তাব জমা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। সোমবার প্রস্তাব জমা দেয়া হতে পারে, আবার নাও হতে পারে।
এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেয়ার বিষয়েও আলোচনা হয়।
আজকের সভায় শ্রমিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের পর এর বিভিন্ন দিক, মজুরির যৌক্তিকতা এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রস্তাবের কোনো বিষয়ে সংশোধন বা আরও উন্নয়নের প্রয়োজন হলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে পারে বোর্ড।
বর্তমানে সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা
বিদ্যমান বেতন কাঠামো নিয়ে পোশাক শ্রমিকদের অসন্তোষের মুখে মজুরি পুনর্নির্ধারণে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। এতে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোয় এ হার নির্ধারণ করা হয়েছিল। এবার শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হচ্ছে।
আরও পড়ুন:







