সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ০৯:১৪

শেয়ার

মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা
ছবি সংগৃহীত

দেশের জ্বালানি সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রবিবার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র, ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

উপকূলে একটি, মাতারবাড়ীতে দুটি টার্মিনাল

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মাতারবাড়ীতে স্থলভিত্তিক আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

তিনি বলেন, মাতারবাড়ীতে বিভিন্ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন করা হবে। তাঁদের মধ্যে উপযুক্ত ব্যক্তিদের চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হবে।

গভীর সমুদ্রবন্দর চালু হলে আসবে পরিবর্তন

এ বি এম আব্দুস সাত্তার বলেন, বর্তমান সরকারের আমলে মাতারবাড়ীতে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। গভীর সমুদ্রবন্দরের কাজ শেষ হলে দেশের আমূল পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এসব প্রকল্প আলোর মুখ দেখেনি। বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ করতে কাজ করছে।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।