সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

আজ শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ০৮:২৬

শেয়ার

আজ শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হবে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এই অধিবেশন চলার কথা রয়েছে।

সংক্ষিপ্ত এই অধিবেশনে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন এবং সেগুলো নিয়ে আলোচনার পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের বিষয়টি গুরুত্ব পেতে পারে।

আট কার্যদিবস চলতে পারে অধিবেশন

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র আট কার্যদিবস চলতে পারে এবারের অধিবেশন।

রবিবার বিকেলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ অন্যান্য জ্যেষ্ঠ সদস্য ও হুইপরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সরকারি ছুটি ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজন অনুযায়ী স্পিকার অধিবেশনের সময় ও কার্যদিবসে পরিবর্তন আনতে পারবেন।

প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি প্রশ্ন জমা

এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীকে করার জন্য ১৭৪টি এবং অন্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সরকারি বিল উত্থাপন, প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে সাধারণ আলোচনার মতো নিয়মিত কার্যক্রমও থাকবে।

তবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের অধিবেশনে সংবিধান সংশোধনের কোনো বিল উত্থাপনের পরিকল্পনা নেই।

সংসদ ভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

সংসদ অধিবেশন নির্বিঘ্ন করতে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এর আগে গত ২৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিলসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়।