সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি এ বছরের ডিসেম্বরের মধ্যে সংসদে প্রতিবেদন দেয়ার প্রস্তুতির কথা জানালেও নির্ধারিত সময়ে তা হচ্ছে না। এ পর্যন্ত ১০টি বৈঠক করেও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার রূপরেখা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিটি। বিশেষ করে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি নিয়ে রয়েছে একাধিক প্রস্তাব। একই সঙ্গে সংসদের উচ্চকক্ষ গঠন নিয়েও দেখা দিয়েছে দ্বিধা। বাংলাদেশের মতো একক রাষ্ট্রব্যবস্থার দেশে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা ও বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন মতবিনিময়ে অংশ নেয়া বিশিষ্ট নাগরিকদের কেউ কেউ।
বিশেষ কমিটি ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেয়ার আশা করলেও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও উচ্চকক্ষের বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় তা সম্ভব হচ্ছে না। আগামী বছরের জানুয়ারিতে সংসদের শীতকালীন অধিবেশনে সংবিধানের ১৮তম সংশোধনী বিল উত্থাপিত হতে পারে বলে জানা গেছে।
জানুয়ারির অধিবেশনে আসতে পারে সংশোধনী বিল
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার বেলা সাড়ে ৩টায়। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। তবে স্পিকার চাইলে অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন।
১৮ নভেম্বর অধিবেশন শেষ হলে আগামী বছরের জানুয়ারিতে বসবে সংসদের পরবর্তী অধিবেশন। ইংরেজি নতুন বছর ২০২৭ সালের প্রথম এই অধিবেশন হবে শীতকালীন অধিবেশন। দীর্ঘ এ অধিবেশনেই সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি বিল আকারে প্রতিবেদন দিতে পারে বলে জানা গেছে। সে ক্ষেত্রে সংসদে আসতে পারে সংবিধানের ১৮তম সংশোধনী বিল।
অন্যদিকে, বিশেষ কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে পাঁচজনের নাম চাওয়া হলেও শুরু থেকেই তা প্রত্যাখ্যান করে আসছে বিরোধী দল। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী জানিয়েছে, তারা কমিটিতে প্রতিনিধি দেবে না। তাদের অবস্থান, সংবিধান সংশোধনের পরিবর্তে সংবিধান সংস্কার করতে হবে।
তবে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুরু থেকেই বলে আসছেন, বিরোধী দল যখনই নাম দেবে, তখনই তাদের স্বাগত জানানো হবে। কমিটিতে প্রতিনিধি না দিলেও সংসদে সংবিধান সংশোধন বিল উত্থাপিত হলে বিরোধী দল আলোচনায় অংশ নেবে বলে আশা করছেন তিনি।
গতকাল কার্যউপদেষ্টা কমিটির বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বিরোধী দল ঐকমত্যে না এলে সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই সংবিধান সংশোধন বিল পাস হবে।
গত ২৭ সেপ্টেম্বর সংসদ ভবনে বিভিন্ন পত্রিকার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, বিশেষ কমিটি যাঁদের মতামত নিচ্ছে, প্রয়োজনে তাঁদের লিখিত মতামতও দিতে অনুরোধ করা হয়েছে। এসব মতামত সংকলন করে পুস্তক আকারে প্রকাশ করা হবে। কমিটি সংসদে যে প্রতিবেদন দেবে, সেটি বিলের আদলে তৈরি করবে। পরে আইন মন্ত্রণালয় ভাষা ও শব্দ ঠিক করে বিল আকারে সংসদে উত্থাপনের ব্যবস্থা করবে।
তত্ত্বাবধায়কের রূপরেখা ও প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে জটিলতা
গত ২৮ অক্টোবর বিশেষ কমিটির বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করতেই হবে। তবে কী প্রক্রিয়ায় সরকার গঠন করা হবে, এর রূপরেখা কী হবে এবং কীভাবে গঠন করা হলে তা বিতর্কিত হবে না, সেসব বিষয় পরীক্ষা করে দেখবে কমিটি।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিভিন্ন বৈঠকে কমিটি নানা ধরনের পরামর্শ পেয়েছে। সেগুলো সমন্বয় করে বৈঠকে আলোচনা করা হবে। তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। সংসদে বিল উত্থাপনের পরও এ বিষয়ে বিতর্ক ও বিভিন্ন প্রস্তাব আসতে পারে।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতভিন্নতা নেই। অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাতেও রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত হয়েছিল। তবে সরকার গঠনের পদ্ধতি এবং প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে।
জুলাই সনদে সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে বাছাইয়ের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। এ অবস্থায় বিশেষ কমিটি অংশীজনদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব নিচ্ছে।
কমিটির আলোচনায় নতুন একটি ধারণাও এসেছে। সেটি হলো, সংসদের উচ্চকক্ষের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যায় কি না। তবে উচ্চকক্ষের স্পিকার রাজনৈতিক ব্যক্তি হবেন। ফলে তাঁকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং সরকার গঠনের উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
জুলাই সনদে প্রধান উপদেষ্টা বাছাইয়ের যে পদ্ধতি
জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা গঠনের বিস্তারিত প্রস্তাব রয়েছে। এতে সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টা নিয়োগ পাওয়ার পর বাছাই কমিটির সঙ্গে পরামর্শ করে সর্বোচ্চ ১৫ জন উপদেষ্টা নিয়োগের জন্য বেছে নেবেন।
ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়া ৩০টি দল ও জোট এ প্রস্তাবে একমত হয়েছিল। তবে বাছাইয়ের কয়েকটি ধাপ নিয়ে তাদের মধ্যে মতভিন্নতা ছিল।
সনদের প্রস্তাব অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়া বা অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদের মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে এবং মেয়াদ অবসান ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে হবে।
বাছাই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি। বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়ে কেউ কেউ এ প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকেও যুক্ত করার প্রস্তাব দিয়েছেন।
কমিটি গঠনের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল এবং জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্যদের কাছ থেকে প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য ব্যক্তিদের নাম চাইবে। একটি রাজনৈতিক দল এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য একজন করে ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবেন। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের প্রস্তাবিত নাম সংসদ সচিবালয়ে জমা দিতে হবে। বাছাই কমিটি নিজ উদ্যোগেও নাম অনুসন্ধান করতে পারবে। তবে জামায়াতে ইসলামী নিবন্ধিত রাজনৈতিক দলের পরিবর্তে শুধু রাজনৈতিক দল রাখার পক্ষে।
এরপর ৭২ ঘণ্টার মধ্যে বাছাই কমিটির সদস্যরা সভায় বসে নিজেদের অনুসন্ধানে পাওয়া এবং রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রস্তাব করা নামগুলো নিয়ে আলোচনা করবেন। সেখান থেকে একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেয়া হবে। রাষ্ট্রপতি তাঁকে নিয়োগ দেবেন।
প্রথম ১২০ ঘণ্টার মধ্যে কাউকে চূড়ান্ত করা সম্ভব না হলে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সংসদের সরকারি দল বা জোট পাঁচজন, প্রধান বিরোধী দল বা জোট পাঁচজন এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল দুজনের নাম প্রস্তাব করবে। স্পিকার প্রস্তাবিত নামগুলো প্রকাশ করবেন।
এর পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান বিরোধী দল সরকারি দল বা জোটের প্রস্তাবিত তালিকা থেকে একজনকে এবং সরকারি দল প্রধান বিরোধী দল বা জোটের তালিকা থেকে একজনকে বেছে নেবে। এভাবে পাওয়া নামগুলোর মধ্য থেকে প্রস্তাবকারী দলগুলোর মধ্যে কোনো একজনের বিষয়ে ঐকমত্য হলে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হবেন। অথবা পাঁচ সদস্যের মধ্যে চারজন একমত হলেও তাঁকে প্রধান উপদেষ্টা করা যাবে।
এ প্রক্রিয়াতেও সিদ্ধান্ত না হলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বিচার বিভাগের দুজন প্রতিনিধি বাছাই কমিটিতে যুক্ত হবেন। তবে তাঁরা কোনো ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবেন না। এরপর সাত সদস্যের কমিটি পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে স্পিকারের তত্ত্বাবধানে র্যাংকড চয়েস পদ্ধতিতে একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবে। এ পদ্ধতি নিয়ে বিএনপির ভিন্নমত রয়েছে। জুলাই সনদের প্রস্তাব ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রধান মতপার্থক্য এখানেই।
জুলাই সনদে আরও বলা হয়েছে, এভাবেও প্রধান উপদেষ্টা নিয়োগ সম্ভব না হলে ত্রয়োদশ সংশোধনী অনুসরণ করতে হবে। তবে এ ক্ষেত্রে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যাবে না। এ প্রস্তাবে বিএনপি, জামায়াতসহ ২৮টি দল একমত হয়েছিল।
উচ্চকক্ষের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব
বিশেষ কমিটির আলোচনায় সম্প্রতি উচ্চকক্ষকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটি নতুন ধারণা এসেছে। প্রস্তাব অনুযায়ী, উচ্চকক্ষের মেয়াদ নিম্নকক্ষের চেয়ে বেশি রাখা যেতে পারে। এ ক্ষেত্রে উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করে তাঁকে উচ্চকক্ষের স্পিকারের দায়িত্ব দেয়ার প্রস্তাবও এসেছে।
বিকল্প প্রস্তাবে বলা হয়েছে, সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে উচ্চকক্ষের স্পিকার নির্বাচিত হবেন। তাঁকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা যেতে পারে। অন্য উপদেষ্টাদেরও সরকারি ও বিরোধী দলের সম্মতিতে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব রয়েছে।
তবে এই প্রস্তাব বাস্তবায়িত হলে তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, উচ্চকক্ষের স্পিকারও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হবেন।
উচ্চকক্ষ গঠন নিয়ে প্রয়োজনীয়তার প্রশ্ন
জুলাই জাতীয় সনদের আইনসভা অংশে বাংলাদেশে দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা গঠনের প্রস্তাব রয়েছে। এতে জাতীয় সংসদকে নিম্নকক্ষ এবং সিনেটকে উচ্চকক্ষ হিসেবে রাখার কথা বলা হয়েছে।
বিএনপিসহ ২৫টি রাজনৈতিক দল ও জোট এ প্রস্তাবে একমত হয়ে সনদে স্বাক্ষর করেছিল। তবে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)সহ পাঁচটি দল তখনই ভিন্নমত জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল, বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় এ মুহূর্তে উচ্চকক্ষের প্রয়োজন নেই।
২৫টি দল ও জোটের ঐকমত্য এবং পাঁচটি দলের ভিন্নমতের পরিপ্রেক্ষিতে জুলাই সনদে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনি ইশতেহারে উচ্চকক্ষ গঠনের কথা উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।
ক্ষমতাসীন বিএনপির ৩১ দফা কর্মসূচি ও নির্বাচনি ইশতেহারেও দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রতিশ্রুতি রয়েছে। তবে বিশেষ কমিটির সঙ্গে অংশীজনদের মতবিনিময়ে বাংলাদেশের মতো দেশে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা ও বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠেছে। উচ্চকক্ষ গঠন করা হলে সরকারি ব্যয় বাড়বে কি না, সেটিও বিবেচনায় নেয়ার পরামর্শ দিয়েছেন কেউ কেউ।
বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মতো দেশে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপি জুলাই সনদে এ বিষয়ে একমত হয়েছে এবং নির্বাচনি ইশতেহারেও প্রতিশ্রুতি দিয়েছে। তবে নতুন করে প্রশ্ন ওঠায় বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে।
জুলাই সনদে নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষের ১০০ জন সদস্য নির্বাচনের প্রস্তাব রয়েছে। তবে বিএনপিসহ সাতটি দল ও জোট এ বিষয়ে ভিন্নমত জানিয়েছে। তাদের প্রস্তাব, নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে উচ্চকক্ষের সদস্য নির্বাচন করতে হবে।
উচ্চকক্ষ গঠনের বাস্তবতা নিয়ে প্রশ্ন ওঠার পর সালাহউদ্দিন আহমদ বলেছেন, একক রাষ্ট্রব্যবস্থার বাংলাদেশে দুই কক্ষের সংসদ প্রয়োজন কি না, এমন বক্তব্য এসেছে। কেউ কেউ বিষয়টি পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছেন। তবে জুলাই সনদে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ গঠনে ঐকমত্য হওয়ায় বিশেষ কমিটি সে অনুযায়ী এগোতে চায়। সংসদে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পর রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার প্রস্তাব গৃহীত
গতকাল কার্যউপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন শুরু হবে।
চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত একটি সরকারি বিল পাওয়া গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর থেকে চতুর্থ অধিবেশনের আগে পর্যন্ত তিনটি অধ্যাদেশ জারি করা হয়েছে। আজ অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে।
অধ্যাদেশগুলো হলো পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।
এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন পাওয়া গেছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব করলে উপস্থিত সবাই তা গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী সংসদের সাউন্ড সিস্টেমের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সংসদ সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া জানান, আজ বিকেলে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।
জাতীয় সংসদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কেও জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ থেকে সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অধিবেশন চলাকালে সংসদে প্রায় ছয় মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। অন্য সময়ে চাহিদা আরও কম থাকে। ফলে সংসদের চাহিদা মেটানোর পর অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখেই সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন।
কার্যউপদেষ্টা কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
আরও পড়ুন:







