রবিবার

৮ নভেম্বর, ২০২৬ ২৪ কার্তিক, ১৪৩৩

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ২২:৫১

শেয়ার

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ
ছবি সংগৃহীত

রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাড়ির বনেটে পড়ে বিস্ফোরণ

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেলটি কার্যালয়ের ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও পল্লবীতেও বিস্ফোরণ

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়।

এদিকে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণ ঘটে। কালশী ফ্লাইওভারের ওপর থেকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হন বলে জানা গেছে।