রবিবার

৮ নভেম্বর, ২০২৬ ২৪ কার্তিক, ১৪৩৩

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ২১:৪১

শেয়ার

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন
ছবি সংগৃহীত

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে চাকরির সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি। এ নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় প্রবাসীকল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে ইলেকট্রনিক পদ্ধতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত অনলাইনে জমা পড়া আবেদন থেকে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় প্রার্থী নির্বাচন করা হয়।

৪ হাজার ২৯ আবেদন থেকে ৩০০ জন নির্বাচন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেন। লটারির মাধ্যমে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জনসহ মোট ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

লটারি কার্যক্রমের সময় মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরীক্ষায় উত্তীর্ণ ১১২ জন যাবেন মালয়েশিয়ায়

প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেবেন মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা। তাঁদের সরাসরি উপস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনকে মালয়েশিয়ায় পাঠানো হবে। শিগগিরই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক জানান, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নির্বাচিত কর্মীদের ফ্লাইট শুরু হবে।

আরও ৫৫৮ কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল

এদিকে পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে মালয়েশিয়ায় আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব কর্মীর মেডিকেল পরীক্ষা ও বিমানভাড়াসহ যাবতীয় খরচ সংশ্লিষ্ট নিয়োগকর্তা বহন করবেন। ফলে তাঁরাও সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।