বগুড়ার শাজাহানপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ৫৫তম সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে ‘করব সমবায়, গড়ব দেশ, সবার বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন বলেন, সমবায় দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। সমবায়ের মাধ্যমে মানুষ সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পায় এবং নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সমবায় সমিতিগুলোকে উৎপাদনমুখী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। সরকার সবসময় সমবায়ীদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সমবায় খাতের উন্নয়ন ও সমবায়ীদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
উপজেলা সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে এবং সংগঠক ও সাংবাদিক মো. মঞ্জুরুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, উপজেলা নির্বাহী প্রকৌশলী রাশেদ ইমরান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হাফেজ উদ্দিন ও আবু সাহীন সানী, সাবেক আহ্বায়ক আবুল বাশার প্রমুখ।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে লিচুতলা মানব কল্যাণ সমবায় সমিতি লিমিটেডকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে রিয়েল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি ও সাংবাদিক মো. মঞ্জুরুল ইসলাম রিপনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
আরও পড়ুন:







