রবিবার

৮ নভেম্বর, ২০২৬ ২৪ কার্তিক, ১৪৩৩

শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, আবেগের স্থান নেই: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ১৬:০০

শেয়ার

শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, আবেগের স্থান নেই: আইনমন্ত্রী
ছবি সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার সম্পূর্ণ আইনগত ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ বিষয়ে আবেগের কোনো স্থান নেই। রাষ্ট্রীয় আইন যথাযথভাবে প্রয়োগ করাই সরকারের লক্ষ্য।

রবিবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের অনুরোধ

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে কোনো আইনি লড়াই চালানো হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সরকার তা যথাযথ প্রক্রিয়ায় করছে। এ ক্ষেত্রে সব পদক্ষেপ নেওয়া হবে সম্পূর্ণ আইনসংগতভাবে।

তিনি বলেন, যখনই কোনো পদক্ষেপ নেওয়া হবে, সেখানে আবেগের কোনো বিষয় থাকবে না। মূল বিষয় হলো, রাষ্ট্রের আইন যথাযথভাবে প্রয়োগ করা।

ভারতের আদালতের বিষয়টি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এটি একান্তই ভারত সরকারের অভ্যন্তরীণ বিষয়। তবে দ্বিপক্ষীয় বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ইতিমধ্যে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ভারত তাকে হস্তান্তর করলে আইনের নিয়ম অনুযায়ী আদালতে সোপর্দ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাজাপ্রাপ্ত অপরাধী হিসেবে দেখছে বাংলাদেশ

ভারত শেখ হাসিনাকে বন্দি হিসেবে বিবেচনা না করে রাষ্ট্রীয় অতিথি হিসেবে দেখছে—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ভারত কী বলছে, তাতে বাস্তবতা বদলে যাবে না।

মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের উন্মুক্ত আদালতে শেখ হাসিনার বিচার হয়েছে। বাংলাদেশের কাছে তিনি একজন অপরাধী এবং দেশের ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত সাজাপ্রাপ্ত একজন অপরাধী। এটাই বাংলাদেশের কাছে তার চূড়ান্ত পরিচয়।