রবিবার

৮ নভেম্বর, ২০২৬ ২৪ কার্তিক, ১৪৩৩

দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ১৩:১৭

শেয়ার

দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি: রাষ্ট্রপতি
ছবি সংগৃহীত

দুর্নীতির কারণে দেশের অনেক সমবায় সমিতি কার্যকারিতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান

রাষ্ট্রপতি বলেন, সমবায় শুধু পণ্য উৎপাদন কিংবা ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সমবায়কে কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।

সমবায় খাতের উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুর্নীতির কারণে অনেক সমিতি তাদের কার্যকারিতা হারিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সমবায় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

জ্বালানি সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকটসহ অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এসব সংকট মোকাবিলা এবং ভঙ্গুর অর্থনীতির চাকা সচল রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ তুলে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।