সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পর্যায়ে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
শনিবার (৭ নভেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হতে পারে নিবন্ধন
ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি কমিশনের এক বৈঠকে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি উত্থাপন করেন। এ সময় ৬ থেকে ১৬ বছর বয়সীদের নিবন্ধন কার্যক্রম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করার প্রস্তাব দেন তিনি।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটির সভাপতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে একটি কর্মশালা আয়োজনের নির্দেশনা দিয়েছেন। কর্মশালার মাধ্যমে সুপারিশ তৈরি করে তা উপস্থাপনের জন্য এনআইডি মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে ১৭ বছর বয়স থেকে এনআইডি সেবা
বর্তমানে ১৭ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন। তবে এর চেয়ে কম বয়সী নাগরিকদেরও এনআইডি দেওয়ার দাবি জানিয়ে আসছে বিভিন্ন মহল। এ দাবির পরিপ্রেক্ষিতে অপ্রাপ্তবয়স্কদের নিবন্ধনের বিষয়টি নিয়ে নতুন করে ভাবছে কমিশন।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।
আরও পড়ুন:







