ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন। আগামী ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।
বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এ সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সফরে যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অংশীদারত্বের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি নারী ও মেয়েদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
সফরে যেসব কর্মসূচিতে অংশ নেবেন
সফরের সূচি অনুযায়ী, রাজধানী ঢাকায় পৌঁছানোর পর ডাচেস সোফিকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এ সময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকা এবং শান্তি ও নিরাপত্তা কার্যক্রমে নারীদের অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে জানতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন তিনি।
এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনের কথা রয়েছে তাঁর। সেখানে নারী হকি খেলোয়াড়সহ উদীয়মান তরুণ অ্যাথলেটদের সঙ্গে মতবিনিময় করবেন ডাচেস। এ কর্মসূচির মাধ্যমে নারী ও মেয়েদের জন্য নতুন সুযোগ তৈরিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরা হবে।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তরুণ প্রজন্মকে নিয়ে আয়োজিত বিশেষ উদযাপনেও অংশ নেবেন তিনি। সেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারী ক্ষমতায়নের বিষয়ে বক্তব্য দেবেন ডাচেস।
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন
ঢাকায় কর্মসূচি শেষে কক্সবাজারে যাবেন ডাচেস সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন তিনি।
রোহিঙ্গা শিবিরে অবস্থানকালে বলপূর্বক বাস্তুচ্যুত নারী, শিশু ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি।
পাশাপাশি শরণার্থী শিবিরগুলোতে নারী ও শিশুদের নেতৃত্ব বিকাশ এবং তাদের সংকট মোকাবিলায় সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়াতে পরিচালিত কার্যক্রম পর্যবেক্ষণ করবেন ডাচেস।
আরও পড়ুন:







