শনিবার

৭ নভেম্বর, ২০২৬ ২৩ কার্তিক, ১৪৩৩

পরাজিত শক্তি আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬ ১৯:২০

শেয়ার

পরাজিত শক্তি আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ স্বাধীনের পর থেকে যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার, ভোটের অধিকার ও কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল, জনগণ তাদের পরাজিত করেছে। তবে পরাজিত সেই মহল আবারও ষড়যন্ত্র নিয়ে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।

সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষার অঙ্গীকার

শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, আসুন, আজ এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব। এটাই হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রতিজ্ঞা।

তিনি আরও বলেন, প্রিয় ভাই ও বোনেরা, যত দিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, তত দিন এই বিপ্লবের র‍্যালি চলমান থাকবে।

নয়াপল্টন থেকে শুরু হয় শোভাযাত্রা

দিবসটি উপলক্ষে শনিবার বেলা তিনটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শোভাযাত্রাটি কাকরাইল, হেয়ার রোড ও ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণি অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।

বিকেল সাড়ে চারটার দিকে সেখানে ট্রাকের ওপর দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী। শোভাযাত্রায় তারেক রহমান ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।