শুক্রবার

৬ নভেম্বর, ২০২৬ ২২ কার্তিক, ১৪৩৩

আইন পেশায় সফল হতে হলে মানবিক মূল্যবোধ ও সততা জরুরি: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬ ১৬:৫৮

আপডেট: ৬ নভেম্বর, ২০২৬ ১৬:৫৯

শেয়ার

আইন পেশায় সফল হতে হলে মানবিক মূল্যবোধ ও সততা জরুরি: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

আইন পেশায় সফল হতে হলে মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা, সততা ও পূর্ণ অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, একজন মানুষ বিপদে পড়ে আইনজীবীর শরণাপন্ন হন এবং নিজের আস্থা, বিশ্বাস, ভরসা, প্রত্যাশা ও স্বপ্ন তার হাতে সমর্পণ করেন। তাই মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনা না করে তার পক্ষে যথাযথ আইনি যুক্তি উপস্থাপন এবং পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা একজন আইনজীবীর প্রধান কর্তব্য।

শুক্রবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অডিটোরিয়ামে আন্তর্জাতিক মানবিক আইনবিষয়ক ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এবং আইইউবি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, আইন পেশা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। এ পেশায় শুধু অর্থ উপার্জনের দিকে মনোযোগী হলে চলবে না; প্রয়োজন পূর্ণকালীন অঙ্গীকার, পেশাদারত্ব, অধ্যবসায় ও গবেষণা। আদালতে প্রতিটি শব্দ ও যুক্তির বিশেষ গুরুত্ব রয়েছে। তাই একজন আইনজীবীকে যথাযথ গবেষণার মাধ্যমে নির্ভুল তথ্য ও শক্তিশালী আইনি যুক্তি উপস্থাপনের জন্য প্রস্তুত হতে হবে। মক্কেল কত টাকা পারিশ্রমিক দিলেন, সেটি মুখ্য নয়; বরং তাঁর পক্ষে যথাযথ আইনি যুক্তি আদালতে তুলে ধরতে পেরেছেন কি না, সেটিই একজন প্রকৃত আইনজীবীর কাছে প্রধান হওয়া উচিত।

অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিনা মূল্যে আইনি সহায়তা প্রদানকে আইনজীবীদের পেশাগত ‘জাকাত’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, আইন পেশায় মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধকে সর্বদা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

প্রতিযোগিতায় দেশের ২৯টি বিশ্ববিদ্যালয়ের ২৯টি দল অংশগ্রহণের জন্য মেমোরিয়াল বা লিখিত আইনি যুক্তি ও গবেষণাপত্র জমা দেয়। সেখান থেকে নির্বাচিত ১৬টি দল কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। মুট কোর্ট প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানবিক আইন, সশস্ত্র সংঘাতের সময় মানবিক সুরক্ষা, আইনের প্রয়োগ, গবেষণা, বিশ্লেষণ এবং যুক্তি উপস্থাপনের দক্ষতা অর্জনের সুযোগ পাবে।