শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় এক মাস দুই দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। কারামুক্তির পর তিনি বলেছেন, কারাগারে পাঠিয়ে কিংবা ভয়ভীতি দেখিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবেন তিনি।
শুক্রবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ডে কারামুক্তি উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অন্যায়ের প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা
মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাঁকে এক মাস দুই দিন কারাগারে থাকতে হয়েছে। তবে কারাগারে পাঠিয়ে কিংবা ভয়ভীতি দেখিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থাকলে অন্যায়ের বিরুদ্ধে হিমালয়সম দৃঢ়তা নিয়ে প্রতিবাদ করতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে তাঁরা ভয় পান না। যত বাধাই আসুক, প্রতিবাদ অব্যাহত থাকবে।
বিএনপির সঙ্গে ৪০ বছরের রাজনীতির প্রসঙ্গ
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে আখতারুজ্জামান বলেন, তিনি বিএনপির সঙ্গে ৪০ বছর রাজনীতি করেছেন। সেই রাজনীতিকে তিনি বিশাল এক নদীর সঙ্গে তুলনা করেন। ওই রাজনীতিকে ভুল বলছেন না উল্লেখ করে তিনি বলেন, সময়ের পরিবর্তনে সেই নদীতে এখন চর পড়েছে। জীবনের একপর্যায়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাঁদের যে পথচলা শুরু হয়েছে, সেই পথচলার নদী একদিন সাগরে পৌঁছাবে। সত্যের জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, অন্যায়ের কাছে মাথা নত করবেন না। সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা থেকেও ভবিষ্যতে পিছপা হবেন না।
মোটরসাইকেল শোভাযাত্রায় সংবর্ধনাস্থলে নিয়ে যাওয়া হয়
শুক্রবার সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে কটিয়াদী-মঠখোলা সড়কের কটিয়াদী সীমানায় আখতারুজ্জামান রঞ্জনকে বরণ করেন জামায়াতের নেতাকর্মীরা। শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে তাঁকে কটিয়াদী বাসস্ট্যান্ডের সংবর্ধনা মঞ্চে নিয়ে যাওয়া হয়।
কটিয়াদী উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার। এ সময় দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুল হক বিএসসি, উপজেলা সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. দেলোয়ার হোসেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় স্লোগানের মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা।
আরও পড়ুন:







