সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

শ্রমিক আন্দোলনে নাশকতা, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের জড়িত থাকার প্রমাণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬ ১০:৩৪

শেয়ার

শ্রমিক আন্দোলনে নাশকতা, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের জড়িত থাকার প্রমাণ
ছবি সংগৃহীত

পোশাকশ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশ ও নাশকতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং দলটির সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর জড়িত থাকার প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। এ ঘটনায় আওয়ামীপন্থি ব্যবসায়ীদের মালিকানাধীন গাজীপুরের অন্তত ১০টি পোশাক কারখানার নামও গোয়েন্দা প্রতিবেদনে এসেছে। এসব কারখানা থেকে আন্দোলনে ইন্ধন দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শ্রমিকদের বক্তব্যেও আন্দোলনে অনুপ্রবেশ ও তাদের বাধ্য করে কর্মসূচিতে যুক্ত করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

আন্দোলনে অনুপ্রবেশ ও নাশকতার অভিযোগ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ কয়েকটি দাবিতে পোশাকশ্রমিকরা আন্দোলনে নামেন। ইতোমধ্যে আন্দোলনের এক সপ্তাহ পেরিয়েছে। সময়ের সঙ্গে আন্দোলন সহিংস রূপ নিচ্ছে।

শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে বেতন নির্ধারণের জন্য রোববার মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এরপরও আন্দোলনে সহিংসতা অব্যাহত থাকায় এতে সাধারণ শ্রমিকদের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, ঢাকার মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে পোশাকশিল্পের শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যান্য অধিকার আদায়ের আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী অনুপ্রবেশ করেছেন। তাঁদের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার প্রমাণও পেয়েছেন গোয়েন্দারা।

শ্রমিকদের বাধ্য করে আন্দোলনে নেওয়ার অভিযোগ

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে কারখানায় কাজ করতে চাইলেও তাঁদের আন্দোলনে যোগ দিতে বাধ্য করা হচ্ছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া দাবি করেছেন, আন্দোলনে অংশ নেওয়া অনেক শ্রমিকই জানেন না, তাঁরা কেন আন্দোলনে অংশ নিচ্ছেন।

এদিকে পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত ৪০ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।