সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬ ০৮:১৭

শেয়ার

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট যাচ্ছেন আজ
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। সফরে তিনি মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন এবং বাগেরহাটে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে দুটি কর্মসূচি শেষে সড়কপথে খুলনায় যাবেন তিনি।

মোংলা বন্দরে দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণ

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য পরিবহন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে প্রকল্পটি নেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রকল্পের ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন (ইপিসি) ঠিকাদার হিসেবে নিয়োগ পেয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) সহযোগী প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি)।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্পের আওতায় ৩৬৮ মিটার সম্মিলিত দৈর্ঘ্যের ১০ ও ১১ নম্বর দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে। পাশাপাশি আধুনিক পণ্য ওঠানো-নামানোর সরঞ্জাম ও প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো তৈরি করা হবে।

নতুন স্থাপনাগুলোর মাধ্যমে বছরে প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে। এ ছাড়া ৮৭ হাজার ৬০০ বর্গমিটার আয়তনের বোঝাই কনটেইনার ইয়ার্ড, ৩৪ হাজার ১৭০ বর্গমিটারের খালি কনটেইনার ইয়ার্ড এবং ৪ হাজার ২৬০ বর্গমিটারের বিপজ্জনক পণ্য হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ করা হবে।

যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে প্রকল্প

বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে চীন সরকার এক্সিম ব্যাংক অব চায়নার মাধ্যমে প্রায় ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা দিচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে। এতে দেশের সামুদ্রিক বাণিজ্য, আন্তর্জাতিক যোগাযোগ ও পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন হবে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়বে।

এ ছাড়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদারে প্রকল্পটি ভূমিকা রাখবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধি, সিআরসিসি ও সিসিইসিসির প্রতিনিধি, মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

খুলনায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মোংলার কর্মসূচি শেষ করে সড়কপথে খুলনায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে খুলনা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করবেন তিনি। সারা দেশে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করছে।

সফরের অংশ হিসেবে বাগেরহাট জেলা সদরে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।