পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে শিল্পাঞ্চলে চলমান অসন্তোষের মধ্যে নতুন করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে সরকার গঠিত মজুরি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করার পাশাপাশি আন্দোলন স্থগিত রেখে কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
মালিকপক্ষের প্রতিনিধিরা মনে করেন, বেতন বৃদ্ধির ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতাও বিবেচনায় নিতে হবে।
মজুরি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করার আহ্বান
বিকেএমইএর সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। এ জন্য মজুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরতে হবে।
তিনি জানান, আগে প্রতি পাঁচ বছর পরপর মজুরি বোর্ড পর্যালোচনার বিধান ছিল। ২০২১ সালে সর্বশেষ মজুরি বোর্ড গঠনের সময় পরবর্তী পাঁচ বছর প্রতিবছর ৫ শতাংশ হারে বাধ্যতামূলক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে অন্তর্বর্তী সরকার পাঁচ বছরের সময়সীমা কমিয়ে তিন বছর করে এবং বার্ষিক বেতন বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ নির্ধারণ করে। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও মালিকপক্ষ শ্রমিকদের অনুকূলে নেওয়া এ সিদ্ধান্ত মেনে নিয়েছিল বলে জানান তিনি।
ফজলুল হক বলেন, আগামী জানুয়ারিতে তিন বছরের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কথা। তাই বেতন বৃদ্ধির বিষয়টি মিছিল বা আন্দোলনের মাধ্যমে নয়, বরং মজুরি বোর্ডের নির্ধারিত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা উচিত।
শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি যৌক্তিক হলেও শিল্পপ্রতিষ্ঠানগুলোর সেই বাড়তি ব্যয় বহনের সক্ষমতা রয়েছে কি না, তা মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও কারখানার আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের ওপর জোর দেন তিনি।
মজুরি বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের দুজন করে প্রতিনিধি রয়েছেন। পাশাপাশি সরকারের প্রতিনিধিরাও দায়িত্ব পালন করছেন উল্লেখ করে ফজলুল হক বলেন, সব সমস্যার সমাধান নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত। তাই বোর্ডের সিদ্ধান্তের ওপর সংশ্লিষ্ট সবার আস্থা রাখা প্রয়োজন।
শিল্পাঞ্চলে কারখানা বন্ধের সংখ্যা নিয়েও বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, উত্তরা এলাকায় আট থেকে ১০ দিন আগেই বিচ্ছিন্ন মিছিলের মাধ্যমে শ্রমিক অসন্তোষের কিছু পূর্বাভাস পাওয়া গিয়েছিল। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট সব পক্ষকে ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।
শ্রমিক অসন্তোষের কারণ চিহ্নিত করার তাগিদ
অন্যদিকে, রপ্তানিমুখী নিটওয়্যার শিল্পমালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান বলেন, শ্রমিকদের বেতন নির্ধারণের জন্য সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। তাই চলমান আন্দোলনের প্রকৃত কারণ চিহ্নিত করে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতির সমাধান করতে হবে।
তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকদের আন্দোলনের সুনির্দিষ্ট দাবি এবং এর পেছনের কারণগুলো স্পষ্টভাবে জানা জরুরি। এ ক্ষেত্রে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শ্রমিক অসন্তোষের কারণ অনুসন্ধানের পাশাপাশি শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন ফজলে শামীম এহসান।
মালিকপক্ষের প্রতিনিধিরা মনে করেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি মজুরি বোর্ডের মাধ্যমে আলোচনায় নিষ্পত্তি করা উচিত। একই সঙ্গে শিল্পকারখানার উৎপাদন ও স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে চলমান অসন্তোষ নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আরও পড়ুন:







