মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
শেখ হাসিনার সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো শেখ হাসিনা-সংক্রান্ত স্মারকে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আইসিটি মামলায় পলাতক আসামি শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ হিসেবে বিলিব্যবস্থার আদেশ দেন।
রায়ে সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
স্মারকে আরও বলা হয়, অবিলম্বে দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া না হলে তিনি যেকোনো সময় এসব সম্পত্তি ভোগ, বিক্রি বা অন্যভাবে হস্তান্তর করতে পারেন। এতে ট্রাইব্যুনালের বাজেয়াপ্ত-সংক্রান্ত রায় ও আদেশ নিষ্ফল হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় শেখ হাসিনার সব স্থাবর-অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে তা রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ হিসেবে এসব সম্পত্তি বিলিব্যবস্থার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
কামালের সম্পত্তির বিষয়েও চিঠি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তির বিষয়েও একই ধরনের ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরূপ স্মারক পাঠিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়।
আরও পড়ুন:







