যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯১ টাকা ৯৫ পয়সা, যা আগে ছিল ৮৪ টাকা ৬২ পয়সা। সোমবার কমিশনের বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। একই দিন রাত থেকে এ দাম কার্যকর হবে।
সৌদি আরামকোর দর বৃদ্ধিতে দাম সমন্বয়
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকোর নভেম্বর মাসের ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় দাম বৃদ্ধির কারণে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে প্রতি টন সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) গড়ে ৪৬ ডলার ৫০ সেন্ট বেড়েছে।
নভেম্বরের জন্য প্রতি টন প্রোপেনের দাম ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলার নির্ধারণ করা হয়েছে। ৩৫:৬৫ অনুপাতে এই দুই উপাদান মিশ্রণের ভিত্তিতে গড় দর দাঁড়িয়েছে প্রতি টন ৭৫৯ ডলার।
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা
অন্যদিকে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানো হয়েছে। এতে সিলিন্ডারটির নতুন নির্ধারিত দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম, আমদানি ব্যয়, ডলারের বিনিময় হার এবং পরিবহনসহ সংশ্লিষ্ট খরচ বিবেচনায় নিয়ে এলপিজির দাম নির্ধারণ করা হয়। এসব বিষয় প্রতি মাসে পর্যালোচনা করে ভোক্তাপর্যায়ে দাম সমন্বয় করে কমিশন।
তবে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। কমিশনের নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার পাওয়া যাচ্ছে কি না, তা নিয়েও ভোক্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, নতুন করে দাম বাড়ানোর ফলে রান্নার জ্বালানি বাবদ পরিবারের মাসিক ব্যয় আরও বাড়বে।
আরও পড়ুন:







