রাজধানীর কদমতলীতে দুই বাসের প্রতিযোগিতার সময় একটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
সোমবার দুপুর পৌনে ২টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের নাম মো. আমিরুল ইসলাম (৪০)। তিনি টাঙ্গাইল সদরের চরপাড়া এলাকার মো. ইউসুফ আলীর ছেলে। তিনি শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
আমিরুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমরান ফকির বলেন, রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে দ্রুতগামী দুই গাড়ি প্রতিযোগিতা করে যাওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আমিরুল গুরুতর আহত হয়েছিলেন। তার পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম-পরিচয় জানা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন:







