জুলাই ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী আইনজীবী লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
এদিন তাকে কারাগার থেকে আদালতে নেয়া হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন গ্রেপ্তার না দেখাতে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪-এর ১৯ জুলাই বাদী মো. শামীম মিয়া ভাটারা থানার ১০০ ফিট রাস্তায় আন্দোলনে যোগ দেন। এ সময় তিনি শরীরের বিভিন্ন স্থানের চারটি গুলিবিদ্ধ হন।
পরে চিকিৎসা শেষে এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের নামে একটি হত্যা চেষ্টা মামলা করেন। ওই মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে বি এম মোজাম্মেল হককে আজকে গ্রেপ্তার দেখানো হলো।
উল্লেখ্য, ইতিমধ্যে তিনি একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
আরও পড়ুন:







