রবিবার

১ নভেম্বর, ২০২৬ ১৭ কার্তিক, ১৪৩৩

রাজপথে নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্টকেন্দ্রিক: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬ ১৮:১৮

শেয়ার

রাজপথে নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্টকেন্দ্রিক: রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

রাজপথে নয়, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়া উচিত জাতীয় সংসদকে কেন্দ্র করে—এমন মত দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে হটিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এখন এই অর্জনকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে হবে।

রবিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, কেবল রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি দেশের অগ্রগতি নিশ্চিত করা যায় না। পরিবর্তনের পাশাপাশি দেশকে নতুন করে গড়ে তোলার কাজও করতে হয়। এ ক্ষেত্রে যুবসমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, দেশের জনসংখ্যার বড় একটি অংশ তরুণ। এই বিশাল জনগোষ্ঠীকে জনমিতিক লভ্যাংশ হিসেবে কাজে লাগানো গেলে জাতীয় উন্নয়নে বড় ধরনের অগ্রগতি সম্ভব। তবে সে জন্য তরুণদের দক্ষ ও কর্মমুখী করে গড়ে তোলা জরুরি। উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসারেও গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষিত ও দক্ষ কর্মী বিদেশে পাঠানো গেলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

তরুণদের উদ্যোক্তা হওয়ার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোগে কর্মসংস্থান তৈরির চেষ্টা করতে হবে। এ জন্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ঋণ ও প্রয়োজনীয় মূলধন দিয়ে সহযোগিতা করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।