ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজের ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র দেখা গেছে। ওয়েবসাইটে পুলিশের ছবি, সহিংসতার দৃশ্য এবং ৫ আগস্টকে কেন্দ্র করে একটি রাজনৈতিক বার্তাসংবলিত ছবি প্রদর্শিত হয়েছে। পাশাপাশি ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা গেছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে এসব দৃশ্য দেখা যায়। তবে ওয়েবসাইটটি হ্যাক বা সাইবার হামলার শিকার হয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ওয়েবসাইটে ভেসে ওঠে রাজনৈতিক বার্তা
ওয়েবসাইটে প্রবেশ করলে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং পুলিশকে উদ্দেশ করে ৫ আগস্টের ঘটনা স্মরণ করিয়ে দেওয়া একটি ছবি দেখা যায়। ছবিটিতে লেখা ছিল, পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?
এ সময় পোর্টালটির স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে এসব ছবি ও রাজনৈতিক বার্তা প্রদর্শিত হচ্ছিল। এতে ওয়েবসাইটটি সাইবার হামলার শিকার হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
ঘটনার পর ডিএমপি নিউজের ওয়েবসাইটে আর প্রবেশ করা যাচ্ছিল না বলে জানানো হয়েছে। তবে ওয়েবসাইটটি কেন অকার্যকর হয়ে পড়ে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ডিএমপির কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি
ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য ও পুলিশের বিভিন্ন সংবাদ প্রকাশ করা হয়।
এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তাকে ফোন ও বার্তা পাঠানো হলেও তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি। ফলে ওয়েবসাইটে প্রদর্শিত রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্রের কারণ এবং সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
আরও পড়ুন:







