রবিবার

১ নভেম্বর, ২০২৬ ১৭ কার্তিক, ১৪৩৩

বর্তমান সরকার জাতির ১২টা বাজিয়ে দিয়েছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ২৩:৫৫

শেয়ার

বর্তমান সরকার জাতির ১২টা বাজিয়ে দিয়েছে: জামায়াত আমির
ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার জাতির ১২টা বাজিয়ে দিয়েছে। জনগণের সাত দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানলে আন্দোলন একদফায় রূপ নেবে। দেশ ও জনগণের স্বার্থে সেই ডাক দিতে বাধ্য হবেন বলেও জানান তিনি।

শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

সাত দফা সাধারণ মানুষের দাবি

জামায়াত আমির বলেন, কুষ্টিয়াবাসী বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছেন। রাত ১২টা বাজতে চলেছে, এর আগেই বর্তমান সরকার জাতির ১২টা বাজিয়ে দিয়েছে। ১১ দলের নিজস্ব কোনো দাবি নেই। সাত দফা নিয়ে তাঁরা মাঠে নেমেছেন, যার সবই দেশের সাধারণ মানুষের দাবি।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ১৪ শতাধিক সন্তানের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত যে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছিল, এই সরকার তা লালন করছে না। একই দিনে অনুষ্ঠিত গণভোটকে অবৈধ আর সংসদ নির্বাচনকে বৈধ বলা চরম প্রবঞ্চনা। রাজনীতির নোংরা ধারা মাটির নিচে চাপা দিয়ে বৈষম্যহীন ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়াই ছিল শহীদদের মূল আকাঙ্ক্ষা।

দাবি না মানলে একদফার আন্দোলনের হুঁশিয়ারি

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দুই-তৃতীয়াংশের বেশি আসন দখল করে সরকার জনগণের রায়কে অবজ্ঞা করছে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ইতিহাস সাক্ষী, যখনই জনগণের রায় অগ্রাহ্য করা হয়েছে, তখনই সংশ্লিষ্ট গোষ্ঠীকে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। ভালোয় ভালোয় জনগণের সাত দফা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, অন্যথায় আন্দোলন একদফায় রূপ নেবে।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মুহসীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, চাকসুর ভিপি মো. ইব্রাহীম হোসেন (রনি), ডাকসুর জিএস এস এম ফরহাদ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এবং সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ জোটের শীর্ষ নেতারা।

সমাবেশে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনসহ ১১ দলীয় ঐক্যের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।