শনিবার

৩১ অক্টোবর, ২০২৬ ১৬ কার্তিক, ১৪৩৩

আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ২২:৩৪

শেয়ার

আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী
ছবি সংগৃহীত

আগামী জাতীয় সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত আইন পাস হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

শনিবার রাজধানীতে নিউ এজ পত্রিকার আয়োজনে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ

ইকবাল হাসান মাহমুদ বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও সহনীয় রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। প্রয়োজনে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যাতে জ্বালানির বাড়তি চাপ সাধারণ মানুষের ওপর না পড়ে।

তিনি বলেন, একটি দায়িত্বশীল নির্বাচিত সরকার হিসেবে নাগরিকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা অন্যতম প্রধান দায়িত্ব। যেকোনো পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এ জন্য চাহিদা বিবেচনায় নতুন ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব টার্মিনাল স্থাপন করা গেলে গ্যাসের সরবরাহ ঘাটতি মোকাবিলায় সহায়ক হবে।

সৌরবিদ্যুৎ ব্যবহারে ৮ হাজার ৬০০ সেবাদাতা তালিকাভুক্ত

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারে মানুষের আগ্রহ বাড়বে। পাশাপাশি এ খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সোলার প্যানেলের মান নিয়ন্ত্রণসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বাজারে সৌরবিদ্যুৎ পণ্যের গুণগত মান নিশ্চিত করতে সরকার সচেতন ও সক্রিয় রয়েছে। জনস্বার্থ রক্ষায় এ বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে।

মন্ত্রী জানান, ইতিমধ্যে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সৌরবিদ্যুৎ ব্যবস্থা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও সেবা নিশ্চিত করতে ৮ হাজার ৬০০টি সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হয়েছে।

আগামী সংসদ অধিবেশনে সৌরবিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত আইন পাস হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নাগরিক জীবন সচল ও স্বস্তিদায়ক রাখতে সরকার বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা বজায় রাখা এবং জনগণের পাশে থাকার লক্ষ্যে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।