শনিবার

৩১ অক্টোবর, ২০২৬ ১৬ কার্তিক, ১৪৩৩

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিলো নিম্নচাপে, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ২০:৫০

শেয়ার

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিলো নিম্নচাপে, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
ছবি: সংগৃহীত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৩১ অক্টোবর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি নম্বর-০১-এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ (৩১ অক্টোবর) দুপুর ১২ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৭৫ কি.মি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৯৫ কি.মি. দক্ষিণে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৩৯৫ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৪৫ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

আরও বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলাও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।