শনিবার

৩১ অক্টোবর, ২০২৬ ১৬ কার্তিক, ১৪৩৩

ডিজে পার্টির ঘটনায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১৯:৪৮

শেয়ার

ডিজে পার্টির ঘটনায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত
ছবি সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজে পার্টির ঘটনায় পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হওয়া এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ জন

গত ২০ অক্টোবর রাজধানীর খিলক্ষেত থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকার ওই তিনতলা বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাড়িটির মালিক আব্দুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ডিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। সেখানে সারা রাত ধরে ডিজে পার্টি, মাদক সেবন ও মাদকের কারবার চলছিল বলে অভিযোগ ছিল। অভিযানে ২৬ নারী ও ৫৮ পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও ছিলেন।

অভিযানকালে বাড়ি থেকে গাঁজা, ইয়াবা, মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আগে করা হয়েছিল ওএসডি

এ ঘটনার পর বাড়ির মালিক আব্দুল্লাহ আল জহিরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।