শনিবার

৩১ অক্টোবর, ২০২৬ ১৬ কার্তিক, ১৪৩৩

প্রতিশোধ নাকি সংস্কার, পাকিস্তান নাকি ভারত-কঠিন পরীক্ষায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১৯:২০

শেয়ার

প্রতিশোধ নাকি সংস্কার, পাকিস্তান নাকি ভারত-কঠিন পরীক্ষায় তারেক রহমান
ছবি সংগৃহীত

বাংলাদেশের মতো রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া দেশগুলোর সামনে কঠিন এক সিদ্ধান্ত থাকে। তিক্ত অতীত ও অস্থির বর্তমানের ভার নিয়ে তাদের ঠিক করতে হয়, মানবাধিকার সুরক্ষা ও জবাবদিহি নিশ্চিত করা হবে, নাকি রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে অতীত পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া হবে।

প্রথম পথ বেছে নিলে দেশ রাজনৈতিক প্রতিশোধের চক্রে আটকে পড়ার ঝুঁকিতে থাকে। অন্যদিকে, দ্বিতীয় পথ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করা মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী হতে পারে। নতুন সরকারের সামনে এটি বড় পরীক্ষা।

২০২৪ সালের আগস্টে ছাত্র-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ কি ব্যক্তি-নির্ভর স্বৈরশাসন থেকে বেরিয়ে এমন গণতান্ত্রিক শাসনব্যবস্থার দিকে এগোতে পারবে, যাকে মানুষ বৈধ ও গ্রহণযোগ্য বলে মনে করে?

জবাবদিহি ও সংস্কার নিয়ে উদ্বেগ

এই অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেকেই শেখ হাসিনার শাসনামলে বিরোধী রাজনীতিক, গণমাধ্যমকর্মী, বুদ্ধিজীবী ও মানবাধিকারকর্মীদের ওপর চালানো নির্যাতন-নিপীড়নের ঘটনা ভুলতে রাজি নন। বিভিন্ন পর্যায়ে হাসিনার অনুগত ব্যক্তিদের সক্রিয় সহযোগিতায় এসব নির্যাতন চালানো হয়েছিল।

এ ক্ষেত্রে আরেকটি প্রশ্ন সামনে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সমর্থকেরা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি রাজনৈতিক অর্থনীতির ওপর বেসামরিক ও সামরিক আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ কমাতে পারবেন কি না। আওয়ামী লীগের গভীরভাবে প্রোথিত স্বার্থ ও উত্তরাধিকার মোকাবিলা করাও বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক বিভাজন ও মেরুকরণে ভরা পরিবেশে এই চ্যালেঞ্জ আরও জটিল হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে উত্তেজনা এখনো তীব্র। গত ২৮ অক্টোবর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের কঠোর বক্তব্যে এর প্রতিফলন দেখা গেছে।

নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, এই সরকারকে দায়মুক্তি দেওয়া হলে দেশে আবারও ফ্যাসিবাদের মুখোমুখি হতে হতে পারে। তিনি বলেন, আবারও ১ হাজার ৪০০ প্রাণের বিনিময়ে কোনো ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করতে চান না।

তিনি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে কয়েকটি অভিযোগও তোলেন। তাঁর দাবি, বিচার বিভাগ এখনো ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে রয়েছে, ফৌজদারি বিচারব্যবস্থার সংস্কার হয়নি এবং সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিএনপির আশ্রয়-প্রশ্রয় পাওয়া ক্যাডাররা ব্যক্তিগত বিরোধ মেটাতে নিজেদের দলের নেতাকর্মীদেরও হত্যা করছে বলে অভিযোগ করেন তিনি।

এদিন পাকিস্তানের ক্ষমতাসীন অভিজাত শ্রেণির পরিস্থিতির কথাও মনে করিয়ে দেন নাহিদ ইসলাম। একই সঙ্গে বাংলাদেশকে মাফিয়া রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন তিনি।

নাহিদ ইসলামের অভিযোগ, সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও অস্ত্র বহন করছেন। তাঁর ভাষায়, এটাই মাফিয়া রাষ্ট্রের বৈশিষ্ট্য। মাদক ব্যবসার গডফাদার, মাদক সিন্ডিকেটের সদস্য এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারে কর্তৃপক্ষের ব্যর্থতার অভিযোগও তোলেন তিনি।

যুবসমাজের প্রতিনিধিত্ব করার দাবি করা একটি রাজনৈতিক দলের এসব বক্তব্যকে অতিরঞ্জিত অভিযোগের তালিকা বলে মনে হতে পারে। তবে অভিযোগগুলোর পেছনে থাকা উদ্বেগগুলো উপেক্ষা করা কঠিন।

রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া অনেক দেশেই এমন পরিস্থিতি দেখা যায়। নাহিদ ইসলামের বক্তব্যে বাংলাদেশে গণঅভ্যুত্থান-পরবর্তী পরিবর্তন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ ও গণতান্ত্রিক শাসনব্যবস্থায় কার্যকর সংস্কার আনতে পারছে কি না, তা নিয়ে ক্রমবর্ধমান সংশয়ের প্রতিফলন ঘটেছে।

এনসিপি নেতাদের মূল বক্তব্য হলো, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, সহিংসতা, দায়মুক্তি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা অব্যাহত থাকলে শুধু সরকার পরিবর্তন করাই যথেষ্ট নয়।

সম্প্রতি বঙ্গোপসাগরবিষয়ক বার্ষিক সম্মেলনের বিভিন্ন অধিবেশনে এবং অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রবীণ রাজনীতিক ও তরুণ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় এসব উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে।

ভারত-পাকিস্তান সম্পর্কের ভারসাম্য

সম্মেলনে ভূরাজনীতি, আন্তরাষ্ট্রীয় সংঘাত, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং জাতিসংঘভিত্তিক বৈশ্বিক ব্যবস্থার দুর্বল হয়ে পড়ার বিষয়গুলো প্রাধান্য পেলেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এবং পররাষ্ট্রনীতিও বিভিন্ন অধিবেশনে গুরুত্ব পেয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো পাকিস্তান ও ভারতের সঙ্গে জটিল সম্পর্কের ভারসাম্য রক্ষা করা। বাংলাদেশের সরকার ও সরকারের বাইরের অনেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চান। তবে শেখ হাসিনার শাসনামলের উত্তরাধিকার এবং আওয়ামী লীগের ঐতিহ্যগত ভারতপন্থি অবস্থান সেই আকাঙ্ক্ষার পথে এখনো বাধা হয়ে রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। আঞ্চলিক সব দেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর কথা বলছে ঢাকা। ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখার পাশাপাশি চীন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বিস্তৃত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে বাংলাদেশ।

তবে বৈদেশিক বাণিজ্য ও পানির সরবরাহের ক্ষেত্রে বাইরের ওপর নির্ভরশীলতা দেশটিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও সহায়তানীতির আকস্মিক পরিবর্তনের মুখেও ঝুঁকির মধ্যে ফেলছে।

২০২৪ সালের আগস্টের পর থেকে ভারতের কাছে হারানো কিছু কূটনৈতিক অবস্থান পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে পাকিস্তান। এ প্রচেষ্টার অংশ হিসেবে বেশ কয়েকটি কূটনৈতিক, প্রতিরক্ষা ও শিক্ষাসংক্রান্ত উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন পর্যায়ে ধারাবাহিক সফরও হয়েছে, যা ইতিবাচকভাবে গৃহীত হয়েছে বলে মনে হচ্ছে।

তবে বেসামরিক ও সামরিক আমলাতন্ত্র এবং শাসনব্যবস্থার কাঠামোর মধ্যে গভীরভাবে প্রোথিত ভারতপন্থি মানসিকতার পরিবর্তন সহজ হবে না। বর্তমান সরকার এই সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন বলেই মনে হচ্ছে। এ কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তারা সতর্কতার সঙ্গে এগোচ্ছে।

বাংলাদেশের স্থলসীমান্তের বড় অংশজুড়ে ভারতের অবস্থান। দেশটির প্রধান নদীগুলোর উজানেও রয়েছে ভারত। ফলে বাংলাদেশের জন্য ভারত এখনো বড় উদ্বেগের বিষয়।

অভ্যন্তরীণ সংস্কার ও কূটনৈতিক ভারসাম্য

এ কারণেই বর্তমান সরকার অভ্যন্তরীণ আর্থসামাজিক সমস্যার সমাধান এবং রাজনৈতিক বিষাক্ততা কমানোর ওপর গুরুত্ব দিতে চাইছে। একই সঙ্গে শেখ হাসিনার শাসনামলের নৃশংসতার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার দাবিও রয়েছে।

তবে কোনো আঞ্চলিক শক্তিকে অসন্তুষ্ট না করে চীন, ভারত ও পাকিস্তানের সঙ্গে অংশীদারত্বের সমন্বয় ঘটিয়ে এগিয়ে যাওয়াই এখন ঢাকার লক্ষ্য। তারেক রহমানের সরকারের সামনে তাই একদিকে রাজনৈতিক সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করার চ্যালেঞ্জ, অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার কঠিন পরীক্ষা।