শুক্রবার

৩০ অক্টোবর, ২০২৬ ১৫ কার্তিক, ১৪৩৩

তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, রাতে দীপকে নিয়ে গিয়েছিলেন তুরাগ পাড়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ১৪:৩২

শেয়ার

তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, রাতে দীপকে নিয়ে গিয়েছিলেন তুরাগ পাড়ে
ছবি সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। স্থানটি তুরাগ নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে।

মাজার এলাকায় যাওয়ার তথ্য জানাল পিবিআই

শুক্রবার সকালে পিবিআইয়ের মিডিয়া উইং গণমাধ্যমকে ওই এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানায়। প্রাথমিকভাবে মোটরসাইকেলটির পরিচয় যাচাই করা হচ্ছিল। পরে নিশ্চিত করা হয়, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফ সাউরির।

পিবিআই জানায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে মোটরসাইকেলে করে জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে সঙ্গে নিয়ে টঙ্গীর মাজার এলাকায় গিয়েছিলেন তাহসিফ। তবে সেখানে যাওয়ার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজের পর উদ্ধার হয় মরদেহ

মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তা। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ হওয়ার আগে তাহসিফ বন্ধু দীপকে নিয়ে রাতে বাসা থেকে বের হয়েছিলেন। এ বিষয়ে দীপ গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁরা একসঙ্গে একটি রেস্তোরাঁয় খাবার খেয়েছিলেন। পরে তিনি নিজের বাসায় চলে যান।

তদন্তে পিবিআই, হেফাজতে দীপ

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নৌ পুলিশের তদন্তের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেছে পিবিআই। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় সংস্থাটি।