বৃহস্পতিবার

২৯ অক্টোবর, ২০২৬ ১৪ কার্তিক, ১৪৩৩

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটের হার ৬৪ দশমিক ৭৭ শতাংশ

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ২২:৩১

শেয়ার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটের হার ৬৪ দশমিক ৭৭ শতাংশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে মোট ১৮৫টি কেন্দ্রে মোট ভোট দিয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ১২৩ জন ভোটার। এতে মোট ভোটারের ৬৪ দশমিক ৭৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। প্রাপ্ত ভোট থেকে ত্রুটিজনিত কারণে বাতিল হয়েছে ৫ হাজার ৩০৮টি ভোট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১৮৫টি কেন্দ্রের ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে। ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোট গণনা শেষে নির্বাচন কমিশন হতে প্রাপ্ত তথ্যে জানা যায়, এ উপনির্বাচনে ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। অপর দিকে ৯৬ হাজার ৪৫৩টি ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৪৯ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আসনটির ৩টি উপজেলার মোট ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীন চলে বিকেল ৪টায় শেষ হয়।

এ নির্বাচনে আসনটিতে ৫ জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। তারা হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।