বৃহস্পতিবার

২৯ অক্টোবর, ২০২৬ ১৪ কার্তিক, ১৪৩৩

পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ২০:৫৪

শেয়ার

পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
ছবি সংগৃহীত

জাতীয় বেতন স্কেল–২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ, প্রযোজ্য ভাতা, পেনশন ও অন্যান্য সুবিধার বিষয়ে শর্ত নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর নতুন বেতন স্কেল অনুযায়ী সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগে নিয়োগ পাওয়া কর্মীদের বেতন যেভাবে নির্ধারিত হবে

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল–২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মচারীর চুক্তির মেয়াদ ১ জুলাইয়ের পরও বহাল রয়েছে, তাদের বেতন নতুন বেতন স্কেল অনুযায়ী নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি সংশোধন করতে হবে।

চুক্তি সংশোধনের পর জাতীয় বেতন স্কেল–২০২৬ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মচারীদের অনুরূপ গ্রেড ও ধাপে ১ জুলাই থেকে বেতন নির্ধারিত হবে। তারা ওই তারিখ থেকে চাকরি (বেতন ও ভাতা) আদেশ, ২০২৬ অনুযায়ী বর্ধিত হারে বেতন পাবেন। পাশাপাশি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী প্রযোজ্য ভাতাও পাবেন।

নতুন নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণের নিয়ম

২০২৬ সালের ১ জুলাইয়ের পর চুক্তিভিত্তিক পদে নিয়োগ পাওয়া বা নিয়োগ পেতে যাওয়া কর্মচারীদের ক্ষেত্রে অবসরের অব্যবহিত আগে জাতীয় বেতন স্কেলের যে গ্রেড ও ধাপে মূল বেতন পাওয়ার কথা ছিল, নতুন বেতন স্কেলে সেই গ্রেড ও ধাপের বেতন অনুযায়ী চুক্তিভিত্তিক পদের বেতন নির্ধারণ করা হবে। বিদ্যমান চুক্তি থাকলে তা সংশোধন করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে চাকরি (বেতন ও ভাতা) আদেশ, ২০২৬-এর ১(৩)(ক), ১(৩)(খ), ১(৩)(গ)-এর বার্ষিক বেতন বৃদ্ধি-সংক্রান্ত অংশ ছাড়া এবং ১(৩)(ঞ) অনুযায়ী বর্ধিত হারে বেতন দেওয়া হবে। এ ছাড়া সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী প্রযোজ্য ভাতা পাবেন সংশ্লিষ্ট কর্মচারীরা।

বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা উভয় পক্ষের সম্মতিতে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিতে নির্ধারিত বেতনই চুক্তিভিত্তিক পদের বেতন হিসেবে বিবেচিত হবে।

পেনশন ও অন্যান্য সুবিধায় যেসব শর্ত থাকছে

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চুক্তিভিত্তিক নির্ধারিত বেতন থেকে নির্ধারিত গ্রস পেনশন, অর্থাৎ কম্যুটেশন বা সমর্পণের আগের পেনশনের অঙ্ক, এবং বিশেষ অতিরিক্ত পেনশন থাকলে তা বাদ দেওয়া হবে না।

তবে চুক্তিভিত্তিক নিয়োগকালীন চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেওয়া হবে না।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নন, এমন ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন-ভাতা ও অন্যান্য শর্ত প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা ও সংশ্লিষ্ট বিষয় বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সমন্বয়ে নির্ধারণ করা হবে। এরপর সে অনুযায়ী চুক্তিপত্র সম্পাদন করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এর সঙ্গে সাংঘর্ষিক আগের সব আদেশ, স্মারক ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল বলে গণ্য হবে। তবে নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সংগতিপূর্ণ আগের জারি করা স্মারকগুলো বহাল থাকবে।