বৃহস্পতিবার

২৯ অক্টোবর, ২০২৬ ১৪ কার্তিক, ১৪৩৩

হাসতে হাসতেই আমজনতার তারেককে বার্তা দিলেন প্রধানমন্ত্রী!

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১৮:৪৮

শেয়ার

হাসতে হাসতেই আমজনতার তারেককে বার্তা দিলেন প্রধানমন্ত্রী!
ছবি সংগৃহীত

এমন তো না, শুধু আম তারেকই সুবিধাটা পাবে! এভাবেই অনেকটা মজার ছলে ‘আমজনতার তারেক’কে নিজের বক্তব্যে ‘আম তারেক’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কথাটি বললেন কিছুটা রহস্যময় ভঙ্গিতে, পরক্ষণেই আবার হেসেও দিলেন তিনি। তবে এই হাস্যরসের আড়ালেই যেন উঠে এলো আলোচনার কেন্দ্রে থাকা এক ব্যক্তিকে ঘিরে চলা সমালোচনার জবাব।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানিতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ‘আমজনতার তারেক’কে ঘিরে চলা সমালোচনার প্রসঙ্গ টেনেই এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

জাপান সফরে সফরসঙ্গীকে নিয়ে সমালোচনার জবাব

জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ‘আমজনতার তারেক’কে ঘিরে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, তারেককে নিয়ে সমালোচনা হলেও দেশে নানা সমস্যা নিয়ে কোনো কথাবার্তা হয় না।

এর আগে, নিজের জীবনের প্রথম বিদেশযাত্রার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে এক আবেগঘন পোস্ট দেন ‘আমজনতা দলের সদস্যসচিব তারেক’ রহমান। বিমানে বসে প্রধানমন্ত্রীর পেছনের সিটে বসার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি লেখেন, জীবনে প্রথমবার দেশের বাইরে যাচ্ছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের পথে।

পোস্টটি ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে হাস্যরসে মেতে ওঠেন নেটিজেনরা। সেই সঙ্গে শুরু হয় সমালোচনার ঝড়।

এরই পরিপ্রেক্ষিতে, দেশে নানা সমস্যার প্রসঙ্গ তুলে ধরে নিজের বক্তব্যে ‘আমজনতার তারেক’কে ঘিরে চলা সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী।

ঢাকাকে টোকিওর মতো পরিবেশবান্ধব করার প্রত্যাশা

এছাড়াও, প্রবাসীদের আয়োজনে ওই অনুষ্ঠানে রাজধানী ঢাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দাবি, পরিবেশ নিয়ে বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দল তেমন একটা তৎপর নয়।

একই সঙ্গে, ঢাকাকে জাপানের রাজধানী টোকিওর মতো পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সব মিলিয়ে, জাপান সফরে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এলো সমালোচনার জবাবের পাশাপাশি নগর ব্যবস্থাপনা ও পরিবেশ নিয়ে তাঁর পরিকল্পনার কথাও।