বৃহস্পতিবার

২৯ অক্টোবর, ২০২৬ ১৪ কার্তিক, ১৪৩৩

আইফোনের মাধ্যমে শনাক্ত হয় তাহসিফের মরদেহ, জানাল নৌ পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১৪:১৮

শেয়ার

আইফোনের মাধ্যমে শনাক্ত হয় তাহসিফের মরদেহ, জানাল নৌ পুলিশ
ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফ সাউরির মরদেহ তাঁর সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গাজীপুরের টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিখোঁজের পর নদে মিলল মরদেহ

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখান এলাকার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন।

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, প্রথমে অজ্ঞাতনামা হিসেবে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর তাহসিফ কয়েকজনের সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরাও তাঁর খোঁজ পাচ্ছিলেন না।

মরদেহ উদ্ধারের বিষয়ে নৌ পুলিশের প্রতিবেদন

নৌ পুলিশের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে উত্তরখান থানা এলাকার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর পাওয়া যায়। পরে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ২৮ বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করেন।

প্রতিবেদন অনুযায়ী, মরদেহটির পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। হাতে ছিল একটি ঘড়ি। পকেটে পাওয়া আইফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

নৌ পুলিশের তথ্য অনুযায়ী, তাহসিফ সপরিবার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। তাঁর বাবার নাম কে এম এনায়েতুর হেলাল।

ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে নৌ পুলিশ। এ জন্য পুলিশের একটি দল মর্গে রয়েছে।

থানায় অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে পরিবার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, তাহসিফের বাবার সঙ্গে তাঁদের যোগাযোগ হয়েছে। তিনি নিজেদের মধ্যে আলোচনা করে থানায় অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। ভিডিওটি তাহসিফ সাউরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।