নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সব ধরনের ভয়ভীতি ও পক্ষপাত উপেক্ষা করে অসহায় মানুষকে সেবা দিতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সত্যিকার অর্থে জনগণের পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুচকাওয়াজে অংশ নেন ২৪৬ প্রশিক্ষণার্থী
সমাপনী কুচকাওয়াজে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের ৮৪ জন এবং ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের ১৬২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার বিতরণ
২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচে শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন ওমর ফারুক। বেস্ট অ্যাকাডেমিক বিভাগে মোহাম্মদ দেলোয়ার হোসাইন, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস বিভাগে সাইফুল ইসলাম এবং বেস্ট শুটার বিভাগে মো. আসাদুজ্জামান পুরস্কার পেয়েছেন।
৪৩তম ক্যাডেট এসআই ব্যাচে শ্রেষ্ঠ ক্যাডেট হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বেস্ট অ্যাকাডেমিক বিভাগে মো. বোরহানুল ইসলাম, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস বিভাগে দেওয়ান গোলাম রসুল এবং বেস্ট শুটার বিভাগে মো. কামাল গনি পুরস্কার পেয়েছেন।
প্রশিক্ষণ শেষে বিভিন্ন ইউনিটে যোগদান
ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্টরা নিজ নিজ ইউনিটে যোগদান করবেন। অন্যদিকে, ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণার্থীরা ছয় মাসের প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে দেশের বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম এবং বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি।
এ ছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক, সামরিক ও বেসামরিক পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং নবীন পুলিশ কর্মকর্তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







