বৃহস্পতিবার

২৯ অক্টোবর, ২০২৬ ১৪ কার্তিক, ১৪৩৩

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ০৭:৪০

শেয়ার

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আজ
ছবি সংগৃহীত

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম

ইতোমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। বুধবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনি সরঞ্জাম তুলে দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ১৯০ জন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্য এবং প্রায় আড়াই হাজার আনসার সদস্য ও পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।

সুষ্ঠু নির্বাচনের আশাবাদ প্রতিমন্ত্রীর

উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে (ইসি) সব ধরনের সহযোগিতা করবে সরকার।

বিএনপি সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।