ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সরকারি প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দেওয়ার অভিযোগে নয়জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ব্যাংক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ভোটগ্রহণ কর্মকর্তাদের বিরুদ্ধে নির্দিষ্ট দলের পক্ষে প্রচার ও পক্ষপাতিত্বের লিখিত ও মৌখিক অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত নয়জনকে প্রত্যাহার করে তাঁদের স্থলে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা ও তাঁদের কেন্দ্র
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন মাসুদ রানা, সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র; জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্র; জুলফিকার আলী, ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র; ফরিদা ইয়াসমিন, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র; সাদেকুল ইসলাম, সালন্দর পাঁচপীর ডাঙ্গা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্র; মোহাম্মদ আলী জিন্নাহ, সিংগিয়া মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র; ওবাইদুর রহমান, দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র; শাহাদুল ইসলাম, বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং আব্দুল জব্বার, বড়গ্রাম আলিম মাদ্রাসা কেন্দ্র।
জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী অপরাধের অভিযোগ ওঠার পর তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। শূন্য পদগুলোতে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে কেন্দ্রে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে একযোগে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। ভোটের আগের রাতে একসঙ্গে নয়জন কর্মকর্তাকে প্রত্যাহারের ঘটনায় স্থানীয় নির্বাচনী পরিবেশ ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:







