মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

আইজিপি সহজসরল মানুষ, অসতর্কতাবশত বলে ফেলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ২০:২৩

শেয়ার

আইজিপি সহজসরল মানুষ, অসতর্কতাবশত বলে ফেলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত

ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার ক্রসফায়ার চায় না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সরকারের অবস্থান জিরো টলারেন্স।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপি সহজসরল মানুষ। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বলতে গিয়ে তিনি অসতর্কতাবশত এমন কথা বলে ফেলেছেন। তবে বক্তব্যটি ঠিক হয়নি এবং এমন কথা বলা উচিত হয়নি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাও সরকার কোনোভাবেই সহ্য করবে না।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার। এখন পর্যন্ত ক্রসফায়ার বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে।

তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে আখ্যা দেয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আইজিপির এই বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ জানায়। মঙ্গলবার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে তাঁর বক্তব্যকে সময়োপযোগী আহ্বান হিসেবে উল্লেখ করে। সংগঠনটি জানায়, প্রচলিত আইন ও বিধিবিধানের আলোকে আইজিপির বক্তব্য বিবেচনা করা প্রয়োজন।

সংগঠনটির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের স্বাক্ষরিত বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।

আইজিপির বক্তব্যে সরকার বিব্রত: রিজভী

ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান। এমন পরিস্থিতিতে আইজিপির এ ধরনের বক্তব্য ভাবিয়ে তুলেছে এবং সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

দেশে অপরাধ দমনের জন্য পর্যাপ্ত আইন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনবহির্ভূত পদ্ধতি অনুসরণ না করে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বেআইনি পদ্ধতিতে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী দেশে ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফিরলে আইজিপি মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সরকারের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সোমবার আইজিপির বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ জানায়। এর মধ্যেই মঙ্গলবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তাঁর বক্তব্যের পক্ষে অবস্থান জানিয়ে বিবৃতি দেয়।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেছেন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স।