মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১১ কার্তিক, ১৪৩৩

মোংলা-ঢাকা রুটে চালু হতে পারে ট্রেন, কেনা হবে ২০০ কোচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ২২:৫২

শেয়ার

মোংলা-ঢাকা রুটে চালু হতে পারে ট্রেন, কেনা হবে ২০০ কোচ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের বহরে শিগগির ২০০টি ব্রডগেজ কোচ পর্যায়ক্রমে যুক্ত হবে। এরই মধ্যে ১৮টি কোচ এসেছে। এসব ব্রডগেজ কোচ প্রাপ্তি সাপেক্ষে মোংলা-ঢাকা রুটে ট্রেন পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক থেকে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগারের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটির কক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, ইসরাত সুলতানা ইলেন ভূট্টো এবং মুহাম্মদ আজীজুর রহমান অংশ নেন।

সভায় জানানো হয়, বর্তমানে মোংলা বন্দর থেকে টাঙ্গাইলের সয়দাবাদ এবং জয়পুরহাটে সীমিত পরিসরে মোলাসেস পরিবহন করা হচ্ছে। এছাড়া বর্তমানে রেলওয়ের কাছে মোংলা থেকে অন্য কোনো পণ্য পরিবহনের চাহিদা নেই।

সভায় রেলপথ মন্ত্রণালয়ের নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত আলোচনা করা হয়। সেখানে জানানো হয়, চট্টগ্রাম বন্দর-ঢাকা রুটে নিয়মিত কনটেইনার পরিবহন করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন গন্তব্যে জ্বালানি ও খাদ্যশস্য পরিবহন চলমান রয়েছে। তবে বর্তমানে রেলওয়ের বহরে মিটারগেজ লোকোমোটিভের সংকট থাকায় মালবাহী ট্রেনের সংখ্যা কমেছে।সভায় জানানো হয়, সাম্প্রতিক সময়ে ৩০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের জন্য গৃহীত প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) অনুমোদিত হয়েছে। এছাড়া ইতোপূর্বে অনুমোদিত ৩০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।

২০২৯ সালের মধ্যে মোট ৬০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহ করা হলে কনটেইনার, জ্বালানি এবং খাদ্যশস্যসহ অন্যান্য মালবাহী ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে। এতে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আহরণ বাড়বে। এছাড়া বিশ্ব ব্যাংকের গ্রিন রেলওয়ে প্রকল্পের অধীনে ২০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।