আইন অঙ্গনের পরিচিত মুখ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। চাঞ্চল্যকর বিভিন্ন মামলার আইনি লড়াইয়ে দক্ষতার পরিচয় দিয়ে পেশাগত সুনাম অর্জন করলেও, সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক ও সমালোচনায় জড়িয়ে পড়েছেন এই আইনজীবী।
বইয়ের সূচিপত্রে বঙ্গবন্ধু হত্যা মামলা
সম্প্রতি শিশির মনিরের রচিত আলোচিত গ্রন্থ An Overview of 100 Sensational Murder Cases of Bangladesh এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে গত এপ্রিল মাসে। আর এই বইয়ের বিষয়বস্তু ঘিরেই নতুন করে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বইটির সূচিপত্রে বঙ্গবন্ধু হত্যা মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই মামলায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু হিসেবে সম্বোধন করায় বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন মহলে; যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
আবরার ফাহাদ হত্যা মামলায় যুক্ততা
অন্যদিকে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করেছিল তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীরা। আর সেই আবরার ফাহাদ হত্যা মামলার আসামিপক্ষের আইনি লড়াইয়েও যুক্ত ছিলেন এই আইনজীবী—যা নিয়ে বিভিন্ন সময় ছাত্রসমাজ ও সচেতন মহলে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে।
গণমাধ্যম কার্যালয়ে যাওয়া নিয়ে সমালোচনা
এদিকে, ভারতপন্থী গণমাধ্যম হিসেবে পরিচিত প্রথম আলো ও ডেইলি স্টার-এর বিরুদ্ধে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদ ওসমান বিন হাদীর মৃত্যুর দিন বিক্ষুব্ধ জনতা পত্রিকা দুটির কার্যালয়ে অগ্নিসংযোগ করে। পরবর্তীতে ওই গণমাধ্যমগুলোর পক্ষে সাফাই গাইতে তাদের কার্যালয়ে যাওয়া নিয়েও সমালোচনার মুখে পড়েন শিশির মনির।
পেশাগত সাফল্যের রেকর্ড
তবে, এসব বিতর্ক ও সমালোচনার বাইরেও আইনজীবী হিসেবে রয়েছে তাঁর দীর্ঘ পেশাগত সাফল্যের রেকর্ড। চাঞ্চল্যকর ফেনীর নুসরাত হত্যা মামলার মতো স্পর্শকাতর মামলায় আইনি লড়াইয়ে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। পরবর্তীতে আইনি যুক্তিতর্কের মাধ্যমে ওই মামলায় দণ্ডিত কিছু আসামির মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়ার ক্ষেত্রেও তাঁর পেশাগত দক্ষতার সাক্ষর রাখেন এই আইনজীবী।
এসব নিয়ে আইনজীবী শিশির মনিরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সব মিলিয়ে, একের পর এক বিতর্ক এবং পেশাগত সাফল্যের এক মিশ্র বলয়ে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে, আইনজীবী শিশির মনিরের নাম।
আরও পড়ুন:







