সোমবার

২৬ অক্টোবর, ২০২৬ ১১ কার্তিক, ১৪৩৩

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১০:২৩

শেয়ার

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জার্মানির মধ্যকার ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার নতুন রূপরেখা তৈরি এবং দুই সরকারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা করতে তিন দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি সহনশীলতা, অর্থনৈতিক অভিযোজন ক্ষমতা এবং টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে।

বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার জার্মানি এ আলোচনার মাধ্যমে দুই দেশের যৌথ অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে চায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলডিসি থেকে উত্তরণের পাশাপাশি বাংলাদেশ পরিবর্তনশীল উন্নয়ন চাহিদার মুখোমুখি হচ্ছে। এ কারণে এবারের আলোচনা প্রচলিত সহায়তা কাঠামোর বাইরে গিয়ে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলোতে গুরুত্ব দেবে।

সফরকালে ড. কফলার রাজনৈতিক সংলাপে অংশ নেবেন এবং চট্টগ্রামে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।

ঢাকায় অবস্থানকালে তিনি জার্মান দূতাবাসে আয়োজিত জার্মান রিইউনিফিকেশন ডে-এর অনুষ্ঠানে যোগ দেবেন। এতে বাংলাদেশের ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনৈতিক কোরের সদস্য এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।

কয়েক দশকের স্নায়ুযুদ্ধকালীন বিভাজনের অবসানের পর ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনরেকত্রীকরণকে স্মরণ করে জার্মান রিইউনিফিকেশন ডে উদযাপন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. বারবেল কফলারের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়তা করার ক্ষেত্রে জার্মানির অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন ঘটবে।