রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ০৯:১৭

শেয়ার

আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

জাপানি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে চার দিনের সরকারি সফরে আজ রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে তাঁর যাত্রা করার কথা রয়েছে। সফরসঙ্গী হিসেবে থাকছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। এ ছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন এবং দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

সফরকালে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান বৈদেশিক বাণিজ্য সংস্থা (জেট্রো), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সই হওয়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নও সফরের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে চুক্তিটির কার্যকর বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মেগা প্রকল্পের অর্থায়ন ও কারিগরি সহায়নায় গুরুত্ব

বাংলাদেশের বড় অবকাঠামো প্রকল্পগুলোতে জাপানের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব নিয়েও আলোচনা হতে পারে। ঢাকার এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ প্রকল্পের ব্যয় যথাক্রমে ৮৩ ও ১১৩ শতাংশ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এসব প্রকল্পের অর্থায়ন, শর্ত এবং কারিগরি সহায়তার বিষয়গুলো পর্যালোচনায় আসতে পারে।

সফরসূচিতে জাপানের চিবা অঞ্চলে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ইউনিক্লোর সদর দপ্তর এবং নাগোয়ায় টয়োটার গাড়ি তৈরির কারখানা পরিদর্শন করতে পারেন প্রধানমন্ত্রী।

কৃষি, পরিবেশ ও স্থানীয় সরকারে সহযোগিতার সম্ভাবনা

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়নে সমঝোতা স্মারক সই অথবা সহযোগিতার ঘোষণা আসতে পারে।

দ্বিপক্ষীয় আলোচনায় রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-স্থিতিশীলতার বিষয়গুলোও স্থান পেতে পারে। সফর শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী।