কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে বলে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকির কথাও জানিয়েছে দূতাবাস।
শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেয় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
পোস্টে দূতাবাস জানায়, গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।
এর আগে, চলতি মাসে আরেকটি বার্তায় চুরির অপরাধে জড়িত থাকার কারণে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল এবং দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকির কথা জানায় দূতাবাস।
গত ১০ অক্টোবর নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের কারণে ভিসা বাতিল হতে পারে। এসব অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটিতে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছে মার্কিন আইন মেনে চলার প্রত্যাশা করে।
আরও পড়ুন:







