শুক্রবার

২৩ অক্টোবর, ২০২৬ ৮ কার্তিক, ১৪৩৩

সোমবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ২০:১৯

শেয়ার

সোমবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস
ছবি সংগৃহীত

আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের পরিবর্তে কক্সবাজার পর্যন্ত চলাচল করবে আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। নতুন রুটে চলাচলের পাশাপাশি ট্রেনটি নতুন সময়সূচি অনুসরণ করবে। এতে ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।

শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের কক্সবাজারগামী প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ট্রেনটি রাত ৩টায় চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। এরপর রাত ৩টা ২০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করায় ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াত করতে পারবেন।

এতদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস বিরতিহীন হওয়ায় এসব এলাকার যাত্রীরা ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। নতুন রুট চালু হলে কক্সবাজারে পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি রেলওয়ের আয়ও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে। এতে আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রবিবার।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক জানান, ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন চলাচলের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

গত ১৬ অক্টোবর থেকে নতুন রুটের জন্য মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হয়েছে।